ফ্যাকাশে জ্যোত্স্না
kabi -> debdutta
শান্ত মনে এসে দাঁড়াই নদীর পারে,
কান পেতে শুনি বারেবারে
তার মিঠে সেই কলকল সঙ্গীতে,
যেন কিছু বলতে চায় সে, এ মেঘে ঢাকা পূর্ণিমা রাতে।
বাতাস! সেও আজ দলছুট হয়ে
সঙ্গীর খোঁজে ছোটে হেথায় সেথায়।
তালগাছ তার মাথা তুলে এক পায় দাঁড়িয়ে
রয়েছে যে তাকিয়ে
ওপারের বুড়ো নারকেল গাছটার দিকে।
চাঁদের ঘোমটা দেওয়া রূপের দুখে
নদীতে উঠেছে কান্নার সুর,
তবুও আকাশে মেঘের অন্ত নেই,বিস্তৃত বহুদূর।
যৌবন নদী ঠেকেছে আজকে বার্ধক্যের ঘাটে,
বয়সের ভারে শরীরের পলি জমে রয় নদীতটে।
দিগন্তের বনষ্পতি তাকায় শূণ্য পানে,
হাত ভারী তার পাতাবাহারে, সে ভার সেইই জানে। |
|