drishyapat
----------------
neel
-------------
অ্যাকশান, সিন ১, টেক ৪
বহুতল ছাড়ালেই এক চিলতে আকাশ
তার উপর দিয়ে মেঘের ওড়না ঢেকেছে সূর্যমুখ
নিচে পিঁপড়ের মত মানুষ আর গাড়ি
দূর থেকে দেখলে কোন বেনিয়ম চোখে পড়ে না।
অফিসের সাততলার জানলার সোজাসুজি যে ফ্ল্যাট বাড়ি
জানলা বন্ধ করতে এসে, ঠিক আমার মুখোমুখি
চোখাচোখি হলে ধরা যাক, চমকে উঠতে হয়
যে ছিল আমার স্বপন চারিণী
এখন শাঁখা পলা, গলা ভর্তি গয়নায় নারী
কে বলবে, কলেজে জিন্স আর টপে সিগারেটে চায়ে
ঝড় তুলত ক্যান্টিন কাঁপানো আম্রপালি সেন.........
পৃথিবী টা কি সত্যিই এত ছোট হয়ে আসে, সাত তলার উপরে......
অ্যাকশান, সিন ২ টেক ৩
ধরা যাক দু পশলা বৃষ্টি শেষ
জল ধরেছে কোলকাতার রাস্তা পিঠ
ব্যস্ত পায়ে বিড়লা প্ল্যানেটোরিয়াম ছাড়ালে
একাডেমি নন্দনের সব ধূলো ধূয়ে গেছে আজ
সব গাছ সবুজ রঙীন, তুমি ও বেনফিসের গন্ধে
সবে মাত্র আর দু পা যেতেই......হ্যারিদাস না?
এই হরি, হরে...আরে আমাদের হরু খুড়ো! কেমন আছিস?
বোকা হাসি, মুখ ঢাকতে চাইছ প্রানপণ,
সোনালী রোদ্দুরের মত লাগত সুদেষ্ণা হাসলে,
বরাবর ওর পিছনের বেঞ্চে বসে ভেবেছ
আজ বলতেই হবে,
খাতার পাতায় অজস্র কাটাকুটি
তারপর যা হয় আর কি...............
সুদেষ্ণার সাথে বলিষ্ঠ সুঠাম পুরুষ, হাত মেলালেন
আপনারা ক্লাস মেট বুঝি, আমি খুব মিস করি, বিদেশে মানুষ...
বোকা লাগে শ্যামলীমা, বৃষ্টি পাত, বেনফিস
কলেজের দিন গুলি......
জল ভেঙ্গে বাড়ি ফেরা পথ
কিশোরীর ভিজে চুল কোলকাতা রাজপথে তখনও ছড়ানো...... |
|