||আমার কাছে রবীন্দ্রনাথ|| kabi -> antor
আমার কাছে রবীন্দ্রনাথ পাঠ্যবইয়ের ছড়া
"ছোট নদী"র বাঁক ভুললেই মায়ের শাসন কড়া;
সাতসকালে স্কুলের মাঠে সবার জড়ো হওয়া
"সোনার বাংলা.. ভালোবাসি" নানান সুরে গাওয়া।
আমার কাছে রবীন্দ্রনাথ স্কুল-ফাংশানে সাজ
"দুই হাতের.. মন্দিরা"তে ছয় কিশোরীর নাচ;
সপ্তাহে রোজ তিন-চারবার গানের স্যারের ভাষণ:
"মনে রেখো রবীন্দ্রনাথ মানেই হলো প্যাশন!"
আমার কাছে রবীন্দ্রনাথ গুনগুনানো গান
মন খারাপে, মন ভালোতে আশার আহ্বান;
বন্যা, সাদি, স্বাগতা আর শ্রীকান্ত মাঝে মাঝে
উদাসবেলার বিকেলগুলোয় MP3-তে বাজে।
আমার কাছে রবীন্দ্রনাথ সরল কিছু পদ্য
"একটি ধানের শীষের" উপর আঁকা প্রাণের কাব্য;
সখার সাথে যখন তখন চায়ের কাপে ঝড়:
"আমি তোমার দীঘি, নাকি কুয়োর তোলা জল??"
আমার কাছে রবীন্দ্রনাথ বছরজুড়েই আসেন
আমার প্রাণে রবীন্দ্রনাথ ইচ্ছেমতন বাজেন;
আমার কাছে রবীন্দ্রনাথ ভারী আপন নাম,
জন্মদিনে জানাই, কবি, সশ্রদ্ধ সম্মান।।
Last edited by bubli; July 3rd, 2008 at 02:45 AM.
|
|