kabita
------------
bapyaditya
--------------- কোনোদিন রং তুলি ধরতে শিখিনি বলে
অক্ষর সাজিয়ে আমি ছবি-আঁকা ছবি-আঁকা খেলি।
টেবিলে ওপারে তুই,
কি নিপুণ রেখাটানে একে একে এঁকে নিস সব,
ঘরবাড়ি, রোদ-হাওয়া, লতাপাতা, মানুষের মুখ --
আমার বিমুগ্ধ দৃষ্টি বিঁধে যায় তোর ওই পেনসিল-শিষে
পরাস্ত চিবুক রেখে টেবিলের পাশে,
মিনতির সুরে বলি -
একটা স্কেচ করে দিবি? একটা পোর্ট্রেট?
তোর বাক্সে কত রং!
আমার সঞ্চয়ে অত শব্দ নেই।
একদিন তাও ভারি ইচ্ছে হল, তোকে একটা মেঘ এঁকে দিই।
রুলটানা খাতা নিয়ে কিছু শব্দ বিছিয়েছি সবে,
ছটফট করে যাচ্ছি মেঘের আদল তাতে কিছুতে এল না বলে -
তখ্খুনি ঝড় হয়ে ঘরে ঢুকলি তুই।
রং তুলি টেনে নিলি,
প্রথম আঁচড়ে দিব্যি এঁকে ফেললি ছাইরঙা প্রকাণ্ড আকাশ,
দ্বিতীয় আঁচড়ে তোর স্তূপাকৃতি মেঘ এসে জড় হল আমার দুপাশে --
ছাদ ফুঁড়ে বৃষ্টি এল।
ততক্ষণে আমি
অসমাপ্ত লেখাটাকে ছিঁড়ে কুটিকুটি করছি নিষ্ফল আক্রোশে।
আঁকা শেষ হয়ে গেল। ঘূর্ণির মতন পাক খেতে খেতে ফিরে গেলি-
তোর ফেলে যাওয়া তুলি, তোর ফেলে যাওয়া রঙে
অক্ষর ডুবিয়ে নিয়ে
এখনো অবুঝ আমি দ্যাখ সেই ছবি-আঁকা ছবি-আঁকা খেলি। |
|